গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো- টঙ্গীর বউবাজার এলাকার ভাড়াটিয়া পরিবারের সন্তান আবু ইউনুস ও একই এলাকার বাসিন্দা নীরব। তারা দুজনই স্থানীয় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর তুরাগ নদের ওপর রেলওয়ে ব্রিজের নিচে অন্যান্যদের সঙ্গে নেমেছিল ইউনুস ও নীরব। একপর্যায়ে গভীর পানির স্রোতে নীরব পড়ে গিয়ে তলিয়ে যেতে থাকে। সহপাঠীকে ডুবতে দেখে উদ্ধার করতে গিয়ে ইউনুসও পানিতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তুরাগের তীব্র স্রোতে দুজনেই ভেসে গিয়ে নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও রাতের অন্ধকারের কারণে প্রথম দিনের মতো অভিযান স্থগিত রাখা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ডুবুরি দল অনুসন্ধানে নামে। টানা তৎপরতা চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে প্রথমে আবু ইউনুসের এবং এর কিছুক্ষণ পর নীরবের ভাসমান মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, উভয় শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় পরিবার ও পুরো টঙ্গী বউবাজার এলাকায় শোকের মাতম চলছে।
—জা. অর্থনীতি/এলএটি
