নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের জেরে দুইদিন বন্ধ থাকার পর জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফা আলোচনার পর রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হয়।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করে সিএনজি চালকরা।
নওগাঁয় অভ্যন্তরীণ রুটে আজও বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা
গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ন বন্ধের দাবিতে গতকাল সকাল থেকে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
বাস চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সে বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আজকে কয়েক দফা আলোচনার পর তারা আমাদের কথায় আশ্বস্ত হয়ে তারা বাস চলাচল স্বাভাবিক করেছে।
—জা. অর্থনীতি/এনজে