যশোরে অনলাইন হ্যাকিং ও জাল নথি তৈরি চক্রের ৪ সদস্য আটক
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: অনলাইনভিত্তিক প্রতারণা এবং বিদেশি নাগরিকদের পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স হ্যাক করে নকল নথি তৈরির অভিযোগে যশোর শহরের রেলবাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৬ (র‍্যাব-৬) যশোরের সদস্যরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) এলিট ফোর্স র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে যশোর শহরের রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।

অভিযানকালে আটক ব্যক্তিদের হেফাজত থেকে বিভিন্ন দেশের নামে তৈরি বিপুলসংখ্যক নকল ড্রাইভিং লাইসেন্স, জাল জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), অনলাইনে জাল নথি তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, স্ক্যানার ও উন্নত প্রযুক্তির আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চক্রটি দীর্ঘ দিন ধরে রেলবাজারের একটি বাসা ভাড়া নিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটির মূল লক্ষ্য ছিল বিদেশ গমনেচ্ছুক অসচেতন ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের মূল পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথি হ্যাক বা অবৈধ উপায়ে সংগ্রহ করে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে হুবহু নকল দলিল তৈরি করত। পরবর্তী সময়ে বৈদেশিক চাকরির প্রলোভন দেখিয়ে এসব ভূয়া কাগজপত্র গ্রাহকদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।

এসআরবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও জাল নথি তৈরির অভিযোগে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি