জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকার দিগলকোনা সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্রের বিবরণ অনুযায়ী, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা মালামাল ফেলে চলে গেলে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসনুর রহমান জানান, "সীমান্তে যেকোনো ধরনের অনিয়ম, মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নিয়মিত পেট্রোল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।"
—জা. অর্থনীতি/এলএটি