জাবিতে ৭৩ গবেষককে পিএইচডি, ৯ জনকে এমফিল ডিগ্রি প্রদান
ফাইল ছবি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭৩ জন গবেষককে পিএইচডি এবং ৯ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় গবেষকদের এসব ডিগ্রি অনুমোদন দেওয়া হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এসব গবেষকের ডিগ্রি অনুমোদন করা হয়। সভায় ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানানো হয় এবং তাদের গবেষণা তত্ত্বাবধায়কদের ধন্যবাদ জানানো হয়।

পিএইচডি ডিগ্রি পাওয়া গবেষকদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষক রয়েছেন। তাদের গবেষণার বিষয়ও ছিল বহুমাত্রিক।

অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে জাবির নতুন ভিসির যোগদান

বাংলা ও ইংরেজি সাহিত্য, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, গণিত, পদার্থবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, সরকার ও রাজনীতি, ভূগোল ও পরিবেশ, লোক প্রশাসন, ফার্মেসি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে এসব গবেষণা সম্পন্ন হয়েছে।

গবেষণাগুলোর মধ্যে সাহিত্য ও সংস্কৃতি, নগরায়ণ ও প্রত্নসম্পদ সংরক্ষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, গণিত ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন প্রয়োগ, স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান, সুশাসন, জননীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।

অন্যদিকে, ইংরেজি, ইতিহাস, রসায়ন, লোক প্রশাসন, উদ্ভিদবিজ্ঞান, সরকার ও রাজনীতি, ফার্মেসি এবং নৃবিজ্ঞান বিভাগের ৯ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

জাবির নজরুল হল সংসদের উদ্যোগে হল মসজিদে বসেছে ৬টি এসি

এমফিল গবেষণার বিষয়গুলোর মধ্যে ভারত বিভাজন ও উত্তর-ঔপনিবেশিক সাহিত্য, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, ঔষধি উদ্ভিদের জৈব সক্রিয় উপাদান, বেসামরিক-সামরিক সম্পর্ক, উদ্ভিদের রোগ ও নিয়ন্ত্রণ, বাংলাদেশের রাজনীতি, স্থানীয় সরকারের ভূমিকা, ঔষধি উদ্ভিদ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ে গবেষণা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিগ্রিপ্রাপ্ত সব গবেষককে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের গবেষণা তত্ত্বাবধায়কদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে