লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিজে এবং সন্তান—উভয়ের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করে থাকেন।
গ্রেপ্তার আব্দুল মালেক উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দলগ্রাম (ঘাটেরপাড়, মাস্টারপাড়া) এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ তারিখে রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির দৃশ্যটি উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়।
‘ছেলেকে ফাঁসি দিন, নয়তো সে আমার বাকি চার ছেলেকে মেরে ফেলবে’
পরবর্তীতে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম স্থানীয় ও কালীগঞ্জ থানার পুলিশকে সিসিটিভির ফুটেজ সরবরাহ করেন। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত আব্দুল মালেক দলগ্রাম বাজারে ঘোরাফেরা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সন্তানসহ নিজের মাদকের খরচ মেটাতেই তিনি চুরির পথ বেছে নেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে, কিনা খতিয়ে দেখা হচ্ছে।
—জা. অর্থনীতি/এনজে