জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের বিষয়টিও তুলে ধরেন মিলে। যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা ‘লাস মালভিনাস’ নামে অভিহিত করে এবং দীর্ঘদিন ধরে এর ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে।

মিলে বলেন, ‘সি লায়ন প্রজেক্ট’-এর আওতায় উত্তর মালভিনাস অববাহিকায় আর্জেন্টিনার মহীসোপানে তেল উত্তোলনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ লাইসেন্সের আওতায় পরিচালিত এই কার্যক্রমকে আর্জেন্টিনা অবৈধ এবং অবৈধভাবে অনুমোদিত বলে মনে করে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, দেশটির অনুমোদন ছাড়া ওই এলাকায় যেকোনো ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন এবং আর্জেন্টিনার নিজস্ব আইনের অধীনে বেআইনি।

তিনি আরও বলেন, এই ইস্যুতে আর্জেন্টিনা শান্তিপূর্ণ, বাস্তবসম্মত ও কার্যকর উপায়ে নিজেদের স্বার্থ রক্ষার পথ বেছে নিয়েছে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দাদের প্রসঙ্গেও আর্জেন্টিনার অবস্থান পুনর্ব্যক্ত করেন মিলে। তিনি বলেন, এসব দ্বীপের ক্ষেত্রে জনগণের আত্মনিয়ন্ত্রণের নীতি প্রযোজ্য নয়। তার দাবি, বিতর্কিত সার্বভৌমত্বের একটি ভূখণ্ডে দখলদার শক্তির মাধ্যমে ওই জনগোষ্ঠীকে বসতি স্থাপন করানো হয়েছে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল।

জা.অর্থনীতি/এসআই