খুলনায় অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক: খুলনার কয়রায় অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা অসুস্থ মা দুলিপা পারভীন ও তার শিশু সন্তান হোসাইনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বর্তমানে মা ও শিশু কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও শিশুর অসুস্থতার ভিডিও নজরে আসার পর গত শনিবার রাতে ডা. জুবাইদা রহমান চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর মাধ্যমে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পীকে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে দুলিপা পারভীন ও তার শিশু সন্তানকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জেডআরএফের সদস্য ডা. এম আর হাসান ও হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম রাজিবের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, মা ও শিশুর দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করা হবে।

চিকিৎসক রেজাউল করিম রাজিব জানান, দুলিপা পারভীন অপুষ্টিজনিত দুর্বলতায় ভুগছেন। তার যৌনাঙ্গের বাইরের অংশে হওয়া ফোঁড়া ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। পুষ্টির জন্য মাল্টিভিটামিন স্যালাইন ও অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে। শিশুটির চিকেন পক্স হয়েছে এবং তাকে হাসপাতাল থেকে বিশেষ পুষ্টিকর দুধ দেওয়া হচ্ছে। বর্তমানে মা ও শিশু দুজনের অবস্থাই স্বাভাবিক।

দুলিপার স্বামী হারুন সানা জানান, আর্থিক সংকটের কারণে স্ত্রী ও সন্তানকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার এবং নিয়মিত চিকিৎসা দিতে পারেননি। ডা. জুবাইদা রহমানের সহযোগিতায় এখন তারা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন।

জা.অর্থনীতি/এসআই