আন্তর্জাতিক ডেস্ক: জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ফ্লাইট সংখ্যা কমানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি এয়ারলাইনস। আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও সাউথওয়েস্ট এয়ারলাইনস জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে ফ্লাইট সূচি পর্যালোচনা ও সক্ষমতা সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। খবর ফক্স বিজনেসের।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট এয়ারলাইনসের কর্মকর্তারা জানান, জ্বালানির বাড়তি খরচ সামাল দিতে ফ্লাইট পরিচালনা পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে।
আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, গত সপ্তাহে বিশ্ববাজারে জেট জ্বালানির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১৮১ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।
মরগ্যান স্ট্যানলির ১৪তম বার্ষিক লাগুনা সম্মেলনে আমেরিকান এয়ারলাইনসের প্রধান অর্থ কর্মকর্তা ডেভন মে বলেন, চতুর্থ প্রান্তিকে জেট জ্বালানির দাম জুলাইয়ের পূর্বাভাসের তুলনায় গ্যালনপ্রতি প্রায় ১ ডলার বেশি হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির জ্বালানি ব্যয় প্রায় ১০০ কোটি ডলার বাড়তে পারে।
তিনি জানান, জ্বালানির বাড়তি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে চতুর্থ প্রান্তিকের শেষ দিকে ফ্লাইট সক্ষমতা আরও সমন্বয় করা হবে।
ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান অর্থ কর্মকর্তা মাইকেল লেস্কিনেন বলেন, জ্বালানির দাম বাড়ায় ডিসেম্বরের জন্য পরিকল্পনা করা কিছু ফ্লাইট বাতিল করা হবে। দাম বেশি থাকলে ২০২৭ সালের প্রথম প্রান্তিক ও পরবর্তী সময়েও সক্ষমতায় পরিবর্তন আনা হতে পারে।
এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনসের প্রধান অর্থ কর্মকর্তা টম ডক্সি জানান, ২০২৬ সালের শুরুতে সক্ষমতা বাড়ানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার প্রায় অর্ধেক ইতোমধ্যে কমিয়ে আনা হয়েছে।
তবে সাউথওয়েস্টের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত সূচিতে আনা পরিবর্তন খুবই সামান্য। এটি নতুন কোনো পদক্ষেপের ঘোষণা নয়।
জা.অর্থনীতি/এসআই