অনলাইন ডেস্ক: দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ লক্ষ্যে সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬ প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করা যাবে। ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে ১৬ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসারে অনুদান দেওয়া হবে। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এর আগের এক বছরের মধ্যে হতে হবে। একজন শিক্ষার্থী একবারই এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ-৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ-৪-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র জমা দিতে হবে।
আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। দারিদ্র্য ও গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে নির্ধারিত প্রত্যয়নপত্র ও চিকিৎসা সনদ জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে, কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই।
জা.অর্থনীতি/এসআই