খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের তোয়াক্কা না করে অবৈধভাবে মজুদ করা ২১ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সার নির্ধারিত সরকারি গুদামে না রেখে অন্যত্র মজুদের অপরাধে সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে দীঘিনালা উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নে অবস্থিত বিসিআইসি নিবন্ধিত সার ডিলার প্রতিষ্ঠান 'এসএস ট্রেডার্স'-এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডিলার প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দের অতিরিক্ত প্রায় ২১ টন ডিএপি সার অবৈধ উদ্দেশ্যে মজুদ রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই সার জব্দ করা হয়। এ সময় নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের দায়ে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮)' অনুযায়ী এসএস ট্রেডার্সের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও ফারিয়া সুলতানা জানান, "বরাদ্দের অতিরিক্ত অবৈধভাবে মজুদ করা ২১ টন সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। কৃষি বিভাগকে বিধি মোতাবেক স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।"
কৃষকের স্বার্থরক্ষা এবং রাসায়নিক সারের কৃত্রিম সংকট প্রতিরোধে পার্বত্য এলাকায় উপজেলা প্রশাসনের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
—জা. অর্থনীতি/এলএটি