জামায়াত হলো দুমুখো সাপ: শওকতুল ইসলাম শকু
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘দুমুখো সাপ’ ও ‘সকাল-বিকাল পার্টি’ হিসেবে আখ্যায়িত করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের রাজনৈতিক মতাদর্শ ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে এমপি শকু বলেন, "জামায়াত হলো দুমুখো সাপ। জামায়াতে ইসলামীর নাম আমি বদলে দিয়েছি- এরা হলো 'সকাল-বিকাল পার্টি'। এরা সকালে বলে একটা, রাতে বলে আরেকটা। তাদের সাতক্ষীরা থেকে বেহেশতের টিকিট দেওয়া শুরু হয়েছিল।"

উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদিকে মেধা ও সঠিক নীতি দিয়ে কুলাউড়াকে এগিয়ে নিতে হবে। কেবল ভালো জিপিএ পেলেই চলবে না, সর্বাগ্রে একজন ভালো ও সৎ মানুষ হতে হবে।" অতীতের প্রশাসনিক অবহেলার কথা উল্লেখ করে তিনি কুলাউড়ার শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। আয়োজক সংগঠন ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি