আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার একদিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণের পাশাপাশি আলোকসজ্জা করা হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও কিছু সময় বিশ্রামের পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠান শেষে রাত ৮টার দিকে তার ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। এসএসএফ, জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির সফর সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জা.অর্থনীতি/এসআই