হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে ৩০ দিনব্যাপী ‘দাওয়াতী দশক’ কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হকের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জৈনউদ্দিন।
শেরপুরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডিএম মুহিবুল্লাহ, হোসেনপুর পৌরসভা সভাপতি রহমত আলী মাস্টার এবং যুব বিভাগের সভাপতি মো. আরফান হোসেন বাবরসহ স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জৈনউদ্দীন বলেন, একটি সৎ, চরিত্রবান ও মানবিক সমাজ গঠনে দাওয়াতী কাজের বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে মানুষকে সত্য ও সুন্দরের পথে আসার আহ্বান জানানোর জন্যই এই দাওয়াতী দশকের আয়োজন করা হয়েছে।
সমাবেশ শেষে হোসেনপুর উপজেলার কুড়িঘাট মোড় থেকে হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় পথচারী ও স্থানীয়দের মাঝে ইসলামী জীবনদর্শনের পরিচিতিমূলক লিফলেট ও বই বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই দাওয়াতী দশকের মাধ্যমে হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের সাথে সংগঠনের পারস্পরিক সৌহার্দ্য ও গণসম্পর্ক আরও সুদৃঢ় হবে।
—জা.অর্থনীতি/এনজে
