ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় নদীপথে অবৈধভাবে পাচারের সময় ১০৮ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন নৌকাঘাটে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনচালিত নৌকাযোগে অবৈধভাবে সারের একটি বড় চালান পাচার করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী বাজার ঘাটে অভিযান চালায় নৌ পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত সটকে পড়েন। পরে ঘটনাস্থল থেকে ১০৮ বস্তা সারসহ নৌকাটি জব্দ করে হেফাজতে নেয় পুলিশ।

ইটনা নৌ পুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারবোঝাই নৌকাটি উদ্ধার করা হয়েছে। সারগুলো অবৈধভাবে এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারি ও সার পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি