অনলাইন ডেস্ক: জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২০০৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন মোট ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জন।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা পেয়েছেন ৩১ হাজার ২২২ জন। দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এ সেবা পেয়েছেন ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জনকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। সরকারি আইনগত সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার ‘১৬৬৯৯’-এর মাধ্যমে সেবা পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন। অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন ৩৮০ জন।
সব মিলিয়ে লিগ্যাল এইডের বিভিন্ন সেবার আওতায় ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জন উপকারভোগী সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ ও বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় এসব সেবা দেওয়া হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
জা.অর্থনীতি/এসআই
