ঝিনাইদহ প্রতিনিধি: পলাতক ও রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে এবং বিরোধী জোটের ঐক্যে ফাটল ধরাতে জামায়াতে ইসলামী চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, "জামায়াতের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।"
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ দূর করার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, "আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের বিএনপি করবেন, ব্যক্তি রাশেদ খানের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। বিগত দিনে যারা সিদ্ধান্তহীনতায় ভুল করেছিলেন, তারা ভুল বুঝতে পেরেছেন। এখন অতীতের সবকিছু ভুলে সবাইকে এক ছাতার নিচে এসে মূলধারার বিএনপির রাজনীতি করতে হবে।"
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, তৃণমূলের নেতাকর্মী ও আপামর জনতা সহযোগিতা করলে কালীগঞ্জ উপজেলাকে দেশের একটি অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
বিএনপির নামে অপকর্ম রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিচার-সালিশের নামে কোনো সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন বরদাশত করা হবে না। কোনো অবস্থাতেই দলীয় নেতাকর্মীদের মাঝে বৈষম্য করা হবে না। মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. নুরুল ইসলামের নেতৃত্বে একাধিক সুবিধাবঞ্চিত ও নিষ্ক্রিয় নেতাকর্মী পুনরায় মূলধারার বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
—জা. অর্থনীতি/এলএটি
