যশোরে ৬০ হারানো মোবাইল উদ্ধার করল পুলিশ
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: যশোরে গত আগস্ট মাসে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিম। একই সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ১১ ভুক্তভোগীর ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব সাফল্যের তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত আগস্ট মাসে ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে তাদের মূল মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে সাইবার ক্রাইম সেল হ্যাক হওয়া ১২টি ইমো আইডি ও ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি সফলভাবে পুনরুদ্ধার করেছে। পাশাপাশি নিখোঁজ সংক্রান্ত ডায়েরির ভিত্তিতে জেলা পুলিশকে সহায়তার মাধ্যমে ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলার বিভিন্ন ক্লুলেস চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্তে সাইবার টিম নিরলসভাবে কাজ করছে। জনস্বার্থে সাইবার অপরাধ প্রতিরোধ ও ভুক্তভোগীদের আইনি সহায়তায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।  

—জা. অর্থনীতি/এলএটি