চট্টগ্রামে বিদেশি চক্রের গোপন আস্তানায় অভিযান, আটক ৬৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী-জালালাবাদ এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিকসহ ৬৩ জন বিদেশিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৭০টি ল্যাপটপ, স্মার্টফোনসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আটতলা ভবনটিতে যৌথভাবে অভিযান পরিচালনা করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও থানা-পুলিশের সদস্যরা। সন্দেহজনকভাবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন, ভবনটিতে তাদের একত্রিত হওয়ার কারণ কী এবং তারা কোনো প্রতিষ্ঠান বা কার্যক্রমের সঙ্গে যুক্ত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, আটক বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ, পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণ নথিপত্র যাচাই করা হচ্ছে। তাদের বাংলাদেশে অবস্থানের বৈধতাও তদন্তের আওতায় আনা হয়েছে।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের ধারণা, ভবনটিতে দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের নিয়মিত যাতায়াত ছিল। সেখানে বড় অঙ্কের অর্থের বিনিময়ে অনলাইন জুয়া বা ক্যাসিনোসদৃশ কোনো অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দ করা ল্যাপটপ, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে কার্যক্রমের ধরন শনাক্তের চেষ্টা চলছে।

তদন্তকারীরা আটক ব্যক্তিদের পারস্পরিক যোগাযোগ, সম্ভাব্য অনলাইন নেটওয়ার্ক, ডিজিটাল লেনদেন এবং ব্যাংক হিসাবের তথ্য যাচাই করছেন। এসব মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা.অর্থনীতি/আরএস