বর্ষার পানিতে ডুবে  তিন শিশুর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে বর্ষার জমে থাকা পানিতে ডুবে দুই সহোদরসহ তিন শিশুর  মৃত্যু হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের একটি নিচু মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল শেখের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। নিহতরা সকলেই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত বৃষ্টি ও বর্ষার কারণে এলাকার নিচু মাঠগুলো পানিতে প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে গভীর পানিতে সুমি তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে এগিয়ে যায় সহোদর খালিদ ও আফিয়া। এ সময় একে অপরকে বাঁচাতে গিয়ে তিনজনই পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি