খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় অটোরিকশাচালককে লাথি মারার অভিযোগে পুলিশের ওপর চড়াও হয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করে ফেরার সময় পুলিশের ওপর আক্রমণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জালিয়াপাড়া মোড় পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম হাবিব।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জালিয়াপাড়া মোড়ে ভিআইপি মুভমেন্টের জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি অটোরিকশাকে সড়ক থেকে সরিয়ে নিতে বললে চালকের সাথে বাকবিতণ্ডা হয়। অটোরিকশার চাকা এক পুলিশ সদস্যের পায়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে চালককে লাথি মেরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অটোরিকশাচালকরা সংবদ্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনাস্থলে পৌঁছে চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থল থেকে পুলিশ দল ফিরে যাওয়ার সময় এক যুবক হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে পেছন থেকে থাপ্পড় মেরে পালানোর চেষ্টা করে। পরে উপস্থিত জনতা ও পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে ধরে আটক করে থানায় নিয়ে যান।
ওসি জানান, অটোরিকশা সাইড করা নিয়ে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে হাবিব নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার তথ্য রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। —জা. অর্থনীতি/এলএটি
