শার্শা (যশোর) প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। দালালের প্রলোভনে ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মামলায় আটক হয়ে প্রায় এক থেকে দুই বছর কারাভোগের পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়েছেন তারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও বিএসএফ সদস্যরা আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি জোয়ানদের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা ৪৭ জনের মধ্যে ৪ জন নারী এবং ৪৩ জন পুরুষ রয়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক থেকে দুই বছর আগে ভালো উপার্জনের প্রলোভনে দালালের মাধ্যমে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন এসব ব্যক্তি। দেশটির তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় কাজ করার সময় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শেষে তামিলনাড়ুর সালেম এলাকার 'আত্তূর' ও 'ত্রিচি' নামক দুটি সেফ হোমে আশ্রয়ে ছিলেন তারা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের পর ভারত সরকারের বিশেষ ‘ট্র্যাভেল পারমিট’-এর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায়।
ইমিগ্রেশনের আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে আইনগত সহায়তাকারী তিনটি বেসরকারি সংস্থা- মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার স্ব-স্ব দায়িত্বে তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।
—জা. অর্থনীতি/এলএটি