শাহজালালে বিদেশি মদসহ ৭ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে একই ফ্লাইটে আগত ৭ যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফট জানতে পারে, মুম্বাই থেকে ঢাকাগামী Air India-এর AI2183 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ বহন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা বিমানবন্দরে পূর্বপরিকল্পিত নজরদারি জোরদার করেন।

ফ্লাইটটি আনুমানিক সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন ও ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করেন।

তল্লাশিতে আজমুল হক-এর ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়া-র ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরান-এর ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়া-র ব্যাগ থেকে ৬ লিটার, মো. নাফিজ সাবাত-এর ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার, আল আমিন শেখ-এর ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার এবং সাদ্দাম হোসেন-এর ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায়।

সব মিলিয়ে ৭ যাত্রীর কাছ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

একই আন্তর্জাতিক ফ্লাইটের একাধিক যাত্রীর ব্যাগেজে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ পাওয়ার এ ঘটনাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে কর্তৃপক্ষ। আটক বিদেশি মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনা সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর নেপথ্যে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান চালাবে বলে জানানো হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস