জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় বজ্রপাত, আগুন
ছবি: জাতীয় অর্থনীতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউতে অবস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের সামনে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রবল বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত হচ্ছিল। একপর্যায়ে সাবেক মন্ত্রীর বাড়ির মূল ফটকের সামনে থাকা গ্যাসের রাইজারে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে মুহূর্তে সেখান থেকে আগুনের শিখা জ্বলে ওঠে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, দুপুর ১টা ১৫ মিনিটে সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির নিরাপত্তাকর্মীর বরাতে জানা গেছে, সরাসরি গ্যাসের রাইজারে বজ্রপাতের ফলেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহত বা আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি।  

—জা. অর্থনীতি/এলএটি