জাজিরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সালিসে ধামাচাপার চেষ্টা
ছবি: জাতীয় অর্থনীতি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর প্রভাবশালী একটি মহল সালিস বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিলাসপুর ইউনিয়নের সফি কাজির মোড় চোকদার কান্দি এলাকার ওই কিশোরীকে নিজ বাড়িতে একাধিকবার ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার তেল ব্যবসায়ী আতিক হাওলাদারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে কয়েকদিন পর আনোয়ার চোকদারের বাড়িতে সালিস বৈঠক বসানো হয়।

স্থানীয়দের অভিযোগ, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য জামাল খার নেতৃত্বে আজিজ চোকদার, হাকিম মাদবরসহ কয়েকজন ওই সালিসে অংশ নেন। সেখানে অভিযুক্ত আতিক হাওলাদারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিসে থাকা এক ব্যক্তি জানান, জরিমানার টাকা থেকে এক লাখের বেশি টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার চেষ্টা করা হলেও তারা তা নিতে অস্বীকৃতি জানায়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা দরিদ্র ও অসহায় হওয়ায় ভয়ভীতি দেখিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসায় বাধ্য করা হয়েছে। সরেজমিনে কথা বলার সময় ভুক্তভোগী কিশোরী কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করে। তার বড় বোন জানান, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তারাও বিষয়টি নিয়ে বেশি দূর এগোতে পারছেন না।

এদিকে বিষয়টি নিয়ে ভুক্তভোগীর মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরিচিত একজনের মাধ্যমে কথা বলেন। পরে অভিযুক্তের পক্ষ থেকে বিকাশে টাকা পাঠিয়ে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর মাকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হলেও তিনি তা করেননি।

অভিযুক্ত আতিক হাওলাদার ও সালিসে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সালিসকারীদের পক্ষ থেকে বিভিন্নভাবে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে অভিযুক্তকে এলাকা ছাড়া করা হবে বলেও প্রতিবেদককে জানানো হয়।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার দিন-তারিখ জানা জরুরি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পেলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

—জা. অর্থনীতি/এলএটি