পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় নিখোঁজের একদিন পর মানিক নামের এক ব্যক্তির পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ সাঁথিয়া উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল আজিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা মিনারপাড়া এলাকায় জৈনক মানিকের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা লাশটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ দুর্ঘটনাস্থল ও এলাকা পরিদর্শন করেছেন।
ওসি জানান, কী কারণে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান ও তদন্ত শুরু করেছে।
—জা. অর্থনীতি/এলএটি