আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্যারিসে নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে একটি হিন্দু ধর্মীয় দলের প্রতিনিধিদের সফরের ব্যবস্থা করার অভিযোগে কর্মীদের ধর্মঘটে বন্ধ হয়ে গেছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। সোমবার (৭ সেপ্টেম্বর) কর্মীদের বিক্ষোভের কারণে নির্ধারিত সময়ে পর্যটকদের জন্য স্মৃতিস্তম্ভটি খুলতে পারেনি কর্তৃপক্ষ।
কর্মী ইউনিয়নের প্রতিনিধি ডায়ান দাভোইনের দাবি, শনিবার প্রায় ১০০ সদস্যের একটি ধর্মীয় প্রতিনিধি দল আইফেল টাওয়ার পরিদর্শনে এলে কয়েকজন নারী কর্মীকে তাদের কর্মস্থল থেকে সরে যেতে বলা হয়। তাদের জায়গায় পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। দাভোইনের ভাষ্য, এ ঘটনায় নারী কর্মীরা অপমানিত বোধ করেছেন। পরিস্থিতি নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের কাছে ক্ষমাও চেয়েছে বলে জানান তিনি।
আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান সোসিয়েতে দ’এক্সপ্লোয়াতাসিওঁ দ্য লা তুর এফেল জানিয়েছে, সফরকারী দলটি নারীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ করেছিল। তবে এমন শর্ত মেনে নেওয়া উচিত হয়নি বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। এসইটিই-এর প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েইল বলেন, এ ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠানের মূল্যবোধ এবং নারী-পুরুষের সমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। তিনি বলেছেন, ফ্রান্সে নারী-পুরুষের সমতার নীতি সর্বত্র কার্যকর থাকতে হবে।
এদিকে দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা ঘটনাটির নিন্দা জানিয়েছেন। কট্টর ডানপন্থি নেতা মেরিন ল্য পেন বলেন, ফ্রান্সে নারীদের উপস্থিতি সীমিত করার কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
ধর্মীয় সংগঠন বিএপিএস জানিয়েছে, আইফেল টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সফরটি আয়োজন করা হয়েছিল। অনিচ্ছাকৃত কোনো অসুবিধা বা কষ্ট হয়ে থাকলে তারা দুঃখ প্রকাশ করেছে।
সূত্র: বিবিসি
জা.অর্থনীতি/এসআই