রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময়
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমকে গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অপরিহার্য উপাদান হিসেবে আখ্যায়িত করে তৃণমূল মানুষের কথা নিষ্ঠার সাথে তুলে ধরার জন্য মফস্বল সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির নিজ বাসভবনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতৃবৃন্দ মফস্বল সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভবন সম্প্রসারণ, বিগত সরকারের আমলে নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন।

সাংবাদিকদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি বিষয়টি খতিয়ে দেখে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু এবং প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি