বছরে ১০ হাজার শ্রমিক বৈধভাবে ইতালি যেতে পারবেন

অনলাইন ডেস্ক: প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবারসহ এ সংখ্যা ১২ হাজারে দাঁড়াতে পারে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হাসানও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশির ৬০ থেকে ৭০ শতাংশই শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের। সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন কমাতে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে যৌথ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও ইতালীয় ভাষায় প্রশিক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং নগর উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশি স্থপতিদের ইতালিতে প্রশিক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে।

খাদ্য অপচয় রোধ ও খাদ্যনিরাপত্তায় মিলানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে সহযোগিতার বিষয়েও ইতালি সম্মতি দিয়েছে।

ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো বলেন, বাণিজ্য, অভিবাসন এবং দুই দেশের শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারসহ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য দেশটির হাইকমিশনারের কাছে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

জা.অর্থনীতি/এসআই