ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইরানে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার হামাদান-সানানদাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্যাংকারটির ব্রেকিং ব্যবস্থায় ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ার পর এতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়।

সানানদাজের গভর্নর জানান, দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় বা দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি। আহতদের সংখ্যা ও নিহতের হিসাব প্রাথমিক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের সংঘর্ষসহ ভয়াবহ সড়ক দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং মহাসড়কে ভারী যানবাহনের চাপ দেশটিতে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

এর আগে ২০১৮ সালে সানানদাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হন।

সূত্র: আল জাজিরা

জা.অর্থনীতি/এসআই