ইবিতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
ছবি: জাতীয় অর্থনীতি

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলাচরণ, পূজার্চনা, শোভাযাত্রা, ধর্মালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

আলোচনা সভায় বক্তারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ তুলে ধরে 'ধর্ম যার যার, দেশ সবার' নীতিতে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উপাচার্য তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণঅভ্যুত্থানের ঐক্যের কথা স্মরণ করে ক্যাম্পাসকে সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

—জা. অর্থনীতি/এলএটি