গাজা থেকে ৭ বছরে ১৮ লাখ ফিলিস্তিনিকে সরাতে চান বেন গাভির

আন্তর্জাতিক ডেস্ক: গাজার অধিকাংশ ফিলিস্তিনি বাসিন্দাকে আগামী সাত বছরের মধ্যে ভূখণ্ডটি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। তিনি এ উদ্যোগকে ‘স্বেচ্ছা অভিবাসন’ হিসেবে বর্ণনা করেছেন এবং পরিকল্পনাটি বাস্তবায়নে একটি পৃথক ‘অভিবাসন মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচনি প্রচারের সময় বেন গাভির তার পরিকল্পনার নাম দেন ‘ডিসএনগেজমেন্ট ৭১০’। ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ মিলিয়ে এই নামকরণ করা হয়েছে।

তার পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে আড়াই লাখ, তিন বছরের মধ্যে ১১ লাখ এবং সাত বছরে ১৮ লাখ ৬০ হাজার গাজাবাসীকে অন্য দেশে সরিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। বর্তমানে গাজার জনসংখ্যা আনুমানিক ২৩ লাখ।

বেন গাভির বলেন, যারা গাজা ছাড়বেন, তাদের যাতায়াত, প্রাথমিক আবাসন, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সহায়তা এবং গাজাবাসী গ্রহণকারী দেশগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাব রয়েছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে তুরস্ক, ইথিওপিয়া, কঙ্গো ও কয়েকটি আরব দেশের নাম উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়নে প্রাথমিকভাবে ১০ বিলিয়ন ইসরায়েলি শেকেল (প্রায় ৩ বিলিয়ন ডলার) বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক অংশগ্রহণের ওপর নির্ভর করে ব্যয় আরও ৫০ বিলিয়ন শেকেল পর্যন্ত বাড়তে পারে।

তবে পরিকল্পনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক বিরোধিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবও তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখে পরিত্যক্ত হয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অবশ্য জানিয়েছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা এখনো আলোচনায় রয়েছে, যদিও তা বর্তমানে স্থগিত।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জা.অর্থনীতি/এসআই