নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচির আওতায় একজন তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে অনুদান। বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে ঋণ হিসেবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান।
উপজেলা পর্যায়ের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরিই এই কর্মসূচির লক্ষ্য। এ জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখার মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা ও প্রয়োজন অনুযায়ী অর্থায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এ কর্মসূচির নির্দেশনা তৈরি করেছে। আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে সার্কুলার জারি করা হবে। এরপর এক মাস আবেদন করার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ‘উদ্যোগ’ কোনো প্রতিযোগিতাভিত্তিক কর্মসূচি নয়। অর্থাৎ সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে কয়েকজনকে বাছাই করা হবে না। সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করবে এবং তাঁদের ব্যবসার ধরন ও প্রয়োজন বিবেচনা করে অর্থায়নের ব্যবস্থা করবে।
অর্ধেক অনুদান, জামানত লাগবে না
কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। মোট অর্থের ৫০ শতাংশ হবে অনুদান এবং বাকি ৫০ শতাংশ ঋণ।
ঋণের সুদ বা মুনাফার হার গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ হবে। ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত বা কোল্যাটারাল দিতে হবে না।
তবে ঋণের অংশ নির্ধারিত সময়ে পরিশোধ না করলে অনুদানের অর্থও সুদবিহীন ঋণ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাকে প্রচলিত নিয়মে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। ফলে ভবিষ্যতে ঋণ পাওয়ার সুযোগও হারাবেন তিনি।
আবেদন করতে পারবেন ২৮ বছর বয়স পর্যন্ত
কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা বা পরিকল্পনা থাকলেই আবেদন করা যাবে।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য ও গবাদিপশু পালন, পর্যটন, সেবা এবং প্রযুক্তিভিত্তিক বৈধ উদ্যোগে অর্থায়নের সুযোগ থাকবে।
সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফশিলি ব্যাংকের শাখা থেকে বিনা মূল্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও মেন্টরিং, ব্যবসা নিবন্ধন এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা করা হবে।
প্রথম ধাপে ৬৪ উপজেলা
প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু করা হবে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।
প্রথম ধাপে প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে বাছাই করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী সময়ে প্রতিবছর গড়ে ৫ হাজার তরুণকে এ কর্মসূচির আওতায় অর্থায়ন সুবিধা দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তার মাধ্যমে অন্তত তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান হতে পারে। সে হিসাবে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতেও ‘উদ্যোগ’ কর্মসূচি ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
—জা. অর্থনীতি/এএইচএ