বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা

অনলাইন ডেস্ক: দেশের টেকসই উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২ সেপ্টম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে’র সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশা জানান।

বৈঠকে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে বিশ্বব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ড. মঈন খান ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই