চাঁদাবাজি ও অপহরণ মামলায় এনসিপির ৫ নেতার জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কুলাউড়ায় ৫ লাখ টাকা চাঁদাবাজি ও অপহরণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কুলাউড়া আমলী আদালতের বিচারক জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচ আসামির জামিন নাকচ করেন। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছেন।

দলীয় আধিপত্য ও পদ বাণিজ্যের অভিযোগ ঘিরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এহসান জাকারিয়া, তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে আটক করে। পরবর্তীতে ১০ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় চাঁদাবাজি ও অপহরণ মামলা দায়ের করেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।

এদিকে এহসান জাকারিয়ার বিরুদ্ধে পদ বাণিজ্যসহ নানা অপকর্মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতা সারজিস আলমের আশকারার কারণেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি।

—জা. অর্থনীতি/এলএটি