নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর, ওই দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় বন্দর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ভিডিওতে ব্যবহৃত দুটি খেলনা বন্দুকও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, বন্দর বাজার এলাকার মো. শাহীন আহমেদের ছেলে লিমন তোহা (২২) এবং স্বপন মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা (২৩)।
পুলিশ জানিয়েছে, সিটি নগর পার্ক এলাকাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানার আওতাধীন। তবে আটক দুই তরুণ বন্দর এলাকার বাসিন্দা হওয়ায় এবং সেখানেই খেলনা ‘বন্দুক’সহ ধরা পড়ায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্প্রতি ফেসবুকে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কালো কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা এই দুই তরুণকে ‘বন্দুক’ হাতে পার্কের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায়। তারা পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে ‘বন্দুক’ তাক করছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে আতঙ্ক তৈরি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটির নির্মাতা লিমন তোহা এবং ‘বন্দুক’ হাতে থাকা অপর তরুণ ইয়াসিন। টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। পরে লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও এটি শেয়ার করা হয়। ভিডিওটি প্রকাশের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, যার প্রেক্ষিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদেরকে আটক করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া অস্ত্র দুটি আসলে খেলনা ‘বন্দুক’। টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যেই এই খেলনা ‘বন্দুক’ ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক দুই তরুণ।
তিনি আরও জানান, লিমন তোহা ২০২৪ সালে এইচএসসি পাশ করার পর আর পড়াশোনা করেননি এবং ৭ বছর ধরে টিকটক ভিডিও বানাচ্ছেন। অন্যদিকে, ইয়াসিন মোল্লা ২০২২ সালে এসএসসি পাশ করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছেন এবং দুই বছর ধরে টিকটকে যুক্ত আছেন। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা.অর্থনীতি/আরএস