কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল সকাল থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর পর থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টায় পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
এর মধ্যে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে যানজটে আটকে থেকে মারা গেছেন এক রোগী। তার নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
মরা নদী কেড়ে নিল পাঁচ শিশুর প্রাণ
রোগীর স্বজন তারেক আল হাসান মুঠোফোনে বলেন, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে স্বজনেরা আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তারা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। তবে যানজটের কারণে গাড়ি আর এগোতে পারেনি। ৪ ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩ টার দিকে তিনি মারা যান।
চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের একাধিক যাত্রী বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জে তাঁরা যানজটে আটকা পড়েন। সেখান থেকে আজ সকাল ৮টার দিকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দাউদকান্দির আমিরাবাদে পৌঁছান।
ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের বাসের চালক রিপন মিয়া (৫৫) বলেন, ঢাকা-চট্টগ্রাম অত্যন্ত ব্যস্ততম মহাসড়ক। তাই এ মহাসড়কের দিকে প্রশাসনের সার্বক্ষণিক নজর রাখা উচিত। প্রচণ্ড গরমে নারী-শিশু-বৃদ্ধরা বাসে বসে শুধু ছটফট করেন।
মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, সোনারগাঁর আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজট এখনো চলছে। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছে।
—জা.অর্থনীতি/এনজে