কাকন হত্যার চার বছর পর পলাতক আসামি সানি গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: যশোর শহরের বহুল আলোচিত আব্দুর রহমান কাকন হত্যা মামলার এজাহারভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মো. সানিকে (২৬) গ্রেপ্তার করেছে সিআইডি। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে শহরের উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সানি বারান্দীপাড়া মেঠোপুকুরপাড় এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে বারান্দী মোল্যাপাড়া এলাকায় নারায়ণের চায়ের দোকানে কাকনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত কাকনের মা সুফিয়া বেগম কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্তভার গ্রহণ করে সিআইডি। এ মামলায় ২০২১ সালের ২৫ নভেম্বর শরিফুল ইসলাম জিতু নামে এক আসামিকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দিতে সানিসহ অন্য আসামিদের সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা সানিকে চূড়ান্তভাবে শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) সেলিম রেজা আসামি সানিকে আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণের আবেদন জানিয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি