লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সৎমে মেয়েকে ধর্ষণের অপরাধে আরিফুল ইসলাম লেলিন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লেলিন রংপুর কোতোয়ালীর খটখটিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে দুই কন্যা সন্তানসহ এক বিধবা নারীকে দ্বিতীয় বিয়ে করেন লেলিন। সেই সুবাদে পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকায় ওই বাড়িতে যাতায়াত ছিল তার। ২০১৯ সালের ২৬ জুলাই ফাঁকা বাড়িতে ছোট বোনের সামনেই ৮ম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের সৎমে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
এ ঘটনায় ২০১৯ সালের ৮ আগস্ট ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পাটগ্রাম থানায় সৎবাবার বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেছেন।
—জা. অর্থনীতি/এলএটি