শার্শায় বিদ্যুৎহীন এক রাতেই ১৫ কোটি টাকার মাছ ধ্বংস
ছবি: জাতীয় অর্থনীতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি: দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা ও বৈরী আবহাওয়ার কারণে পানিতে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বিলের বেশ কয়েকটি ঘেরে ভয়াবহ মাছের মড়ক দেখা দিয়েছে। মাত্র এক রাতের বিদ্যুৎ বিভ্রাটে পাবদাসহ বিভিন্ন প্রজাতির বিক্রয়যোগ্য মাছ মরে ভেসে ওঠায় চাষিদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে রায়পুর সোনামুখো বিলের সজনের ঘেরসহ পার্শ্ববর্তী এ এফ মৎস্য খামারে এই বিপর্যয় ঘটে। ঘের মালিক ও শ্রমিকরা রাতে পানি নেড়ে অক্সিজেন জোগানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। বছরের পর বছর শ্রম ও মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের পর বিক্রির মুখে এমন পরিণতিতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভয়াবহ এমন বিপর্যয়ের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও স্থানীয় প্রশাসন, মৎস্য দপ্তর বা বিদ্যুৎ বিভাগের কেউ ঘটনাস্থল পরিদর্শন করেননি। এ বিষয়ে বেনাপোল সাব-জোনাল অফিসের কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, জাতীয় গ্রিডে ঘাটতি থাকার কারণে গ্রামীণ এলাকায় নিয়মিত লোডশেডিং হচ্ছে।

দুর্ঘটনাকবলিত মৎস্য চাষিরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘুরে দাঁড়াতে দ্রুত সরকারি আর্থিক সহায়তা দাবি করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি