নিজস্ব প্রতিবেদক: বাবার মৃত্যুর পর তরুণ বয়সেই রাজনীতিতে এসে ছাত্র অবস্থায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
২০০৬ সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন তিনি। প্রায় দুই দশক পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ান।
আরও পড়ুন: শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শামীম কায়সার লিংকন। তার বাবা এম এ মোত্তালিব এবং মা আফরোজা আনার। বাবার মৃত্যুর পর ২০০৬ সালে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে সময় তিনি এমবিএ অধ্যয়নরত ছিলেন। পেশাগতভাবে ব্যবসায়ী লিংকন একসময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও কাজ করেছেন।
২০০৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে বন্ধ হয়ে যাওয়া রংপুর সুগারমিল পুনরায় চালু করা, আব্দুল কুদ্দুস সরকার কৃষি কলেজ প্রতিষ্ঠা এবং স্থানীয় ফায়ার সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা সর্বশেষ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, শপথ সন্ধ্যায়
পরে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় যুক্ত হলো।
—জা.অর্থনীতি/এনজে