ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের মামলা
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ধর্ষণের তথ্যটি নিশ্চিত করেন। 

শুক্রবার (২১ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি করেন নির্যাতিতার মা।

অভিযুক্ত ইউসুফ আলী রংপুর নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক এবং তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনেশ্বর এলাকার মৃত আছমত আলীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশীর চিকিৎসার সুবাদে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন ইউসুফ আলী। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মায়ের মোবাইল নম্বর নেওয়ার অজুহাতে ঘরে প্রবেশ করেন তিনি। এরপর মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। পরে স্বজনরা উদ্ধার করে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়েটির মা এই ঘটনার বিচার ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

ওসি জানান, এজাহার নথিভুক্ত করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি