২০৭০ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম
ছবি: সংগৃহীত

বর্তমান জেন-জি (Gen Z) ও জেন আলফা (Gen Alpha) প্রজন্মের তরুণ-তরুণীরা সত্যের সন্ধানে অন্ধবিশ্বাসের পথ এড়িয়ে চলায় বিশ্বাসী। গভীর জিজ্ঞাসা ও চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই আজ তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। ধারণা করা হচ্ছে, তরুণ প্রজন্মের এই আত্মিক জাগরণের ওপর ভর করেই ২০৭০ সালের মধ্যে ইসলাম বিশ্বজুড়ে বৃহত্তম ধর্মের স্থান অর্জন করবে। নিউ ইয়র্ক, রোম কিংবা টোকিওর মতো আধুনিক মহানগরীগুলোতেও আজ ছড়িয়ে পড়ছে ইসলামের সুশীতল আহ্বান।

নবদীক্ষিত মুসলিমদের অনেকেই জানান, শৈশব থেকেই কুরআনের প্রাঞ্জলতা ও বার্তা তাদের গভীরভাবে আলোড়িত করেছে। মাত্র ৩ থেকে ৫ বছরের শিশুদের অনায়াসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে ফেলার ঘটনা এর অন্যতম এক জীবন্ত মোজেজা। এর পাশাপাশি কুরআনের বৈজ্ঞানিক নির্ভুলতাও আধুনিক চিন্তাশীল মনকে মুগ্ধ করে। উদাহরণস্বরূপ, সূরা আন-নামল-এ পিঁপড়াদের স্ত্রী লিঙ্গ হিসেবে সম্বোধন করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞান প্রমাণের বহু আগেই কুরআনে অত্যন্ত নিখুঁতভাবে উল্লিখিত হয়েছিল।

ইসলাম শিশুদের নিঃস্বার্থতা, উদারতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাস তাদের শেখায় ত্যাগ ও তিতিক্ষার মূলমন্ত্র। একটি সুসংগঠিত পরিবারে মা শেখান দয়া ও সহানুভূতি, আর বাবা সন্তানকে গড়ে তোলেন ইহকাল ও পরকালের সুষম সাফল্যের উপযোগী করে।

এই নতুন প্রজন্ম গড়ে ওঠার নেপথ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কালজয়ী আদর্শ। শিশুদের প্রতি তাঁর অফুরন্ত স্নেহ, ভালোবাসার স্পর্শ এবং এতিমদের আশ্রয় দেওয়ার শিক্ষা আজও অনুকরণীয়। রাসুল (সা.)-এর স্নেহধন্য আনাস (রা.)-এর জীবন কিংবা ইতিহাসে সুলতান মেহমেদ ও সাইদ নূরসীর মতো মহান ব্যক্তিত্বদের অবদান আজও তরুণদের অনুপ্রাণিত করে।

আজকের প্রযুক্তিনির্ভর বিশ্বে যখন শিশুরা স্ক্রিনাসক্তিতে ভুগে মানসিক মনোযোগ হারাচ্ছে, তখন কুরআনের চর্চা তাদের মনন ও মানসিক বিকাশকে বিকশিত করছে। তৌহিদ বা একাত্ববাদের দৃঢ় বিশ্বাস শিশুদের উদ্বেগ ও বিষণ্নতা দূর করতে এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। বস্তুবাদের এই যুগে অন্ধভাবে অর্থ বা ক্ষমতার পেছনে না ছুটে, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থপূর্ণ জীবনযাপন করতে শিখছে।

কুরআনের আলো ও ঈমানের শক্তিতে বলীয়ান এই উদীয়মান প্রজন্ম বস্তুবাদের বিরুদ্ধে এক নীরব বিপ্লব গড়ে তুলেছে। তাদের বিশ্বাস, ঈমানি চেতনায় উদ্ভাসিত হয়ে অচিরেই পুরো পৃথিবী ইসলামের সুশীতল ছায়াতলে একত্রিত হবে।

জা. অর্থনীতি