কুলিয়ারচরে দুই শিশুর মৃত্যু, অচেতন অটোরিকশাচালক উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ও গোসলের বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় এক অটোরিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। তাকে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ও ছয়সূতী ইউনিয়নে এসব ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোবরিয়া আব্দুল্লাহপুরের লক্ষ্মীপুর নামাপাড়া এলাকায় পুকুরে মোটর দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা পর ছয়সূতী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় গোসলের বালতির পানিতে পড়ে মারা যায় ১৮ মাস বয়সী শিশু রাফসান। কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিনহাজ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দুপুরে বাজরা-পশ্চিম তারাকান্দি সড়কের পাশ থেকে রায়হান (৪৫) নামের এক অটোরিকশাচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। কটিয়াদীর তাতারকান্দা গ্রামের এই চালককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বজনরা।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং অটোরিকশাচালককে অচেতনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে এসব মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

—জা. অর্থনীতি/এলএটি