নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা। তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
অপরদিকে, অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উপ-হাইকমিশনের কর্মকর্তারা।
এ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের স্বজনদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
—জা. অর্থনীতি/এএইচএ