পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাঁড়িয়ে থাকা পৌরসভার একটি ময়লার ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আহতরা হলেন- কিশোরগঞ্জ সদরের মারিয়া গ্রামের জোসনা আক্তার (৪০), তার ১৬ মাসের শিশুপুত্র সাইফান, তারাইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫০) এবং করিমগঞ্জের বাসিন্দা অটোরিকশাচালক নজরুল ইসলাম (৩৮)।
স্থানীয়দের বরাতে জানা যায়, গাজীপুর থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার একটি ময়লা ফেলার ট্রাকের পেছনে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর আহম্মেদ জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি