সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় দুই দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল এবং সংশ্লিষ্ট বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চা-পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং মদ জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জব্দকৃত মালামালসমূহ সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি