ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুরমাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১১, সিপিসি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাদ জানান, অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কজন দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা পিস্তলটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি