শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোর্স চালুর প্রস্তাব
ছবি: জাতীয় অর্থনীতি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার যৌথ অংশীদারিত্বের ওপর জোর দিতে হবে। পাঠ্যক্রমে শিল্পখাতের চাহিদা অন্তর্ভুক্ত করে অন্তত ১০০ নম্বরের একটি সমন্বিত কোর্স চালুর প্রস্তাব জানাচ্ছি। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ পাবে, পাশাপাশি শিল্পখাতের বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয়ের পাঠদানে অবদান রাখতে পারবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় লোক প্রশাসন বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলীকে আনুষ্ঠানিকভাবে বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার যেমন-'ডিপফেক' ও অনাকাঙ্ক্ষিত গুজব বা অপপ্রচার থেকে শিক্ষার্থীদের রক্ষায় গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সহায়তা দিতে প্রতিটি বিভাগের 'স্টুডেন্ট কাউন্সিলর'দের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরীক্ষার কক্ষে সব ধরনের নকল বন্ধ করতে শিক্ষক ও পরিদর্শকদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষার ফলাফলের স্বচ্ছতা বজায় রাখার জন্য ফলাফলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা ম্যানিপুলেশনের মতো অনিয়ম বন্ধে পরীক্ষা কমিটির কাছে নম্বর জমা দেওয়ার দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরেও নম্বরপত্র জমা দিতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি উপস্থিত ছিলেন। এছাড়া, বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি