ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী নাঈম (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার (১০ আগস্ট) ঘটনার পাঁচ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
নিহত নাঈম উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও গ্রামের ইছুব মিয়ার ছেলে এবং স্থানীয় জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্কুল ছুটির পর নাঈম তার দুই সহপাঠী মুসাইন ও রাহাতের সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মুদিরগাঁও এলাকার সড়কে পৌঁছালে একই এলাকার আকাশ (১৫) নামের এক কিশোর ধারালো ছুরি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিন শিক্ষার্থীই রক্তাক্ত জখম হয়।
নাঈমের বুক ও পেটে গুরুতর আঘাত লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ পাঁচ দিন আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর তার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
নাঈমের অকালমৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। অভিযুক্ত আকাশের বিরুদ্ধে ইতিপূর্বেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানান ক্ষুব্ধ স্থানীয়রা।
ওসি জানান, হামলার ঘটনার পরপরই ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি